
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খুচরা দোকানগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে খুচরা বিক্রেতাদের কাছে তেল সরবরাহ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিকরা।
গত দু’দিন ধরে কলাবাড়ি, ফুলতলা, সমাই বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা দোকানে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও সেই খবর ছড়িয়ে পড়লে মোটরসাইকেল চালকদের ভিড় জমছে।
খুচরা বিক্রেতারা জানান, তারা সাধারণত ডিপো থেকে জ্বালানি তেল কিনে এনে দোকানে বিক্রি করেন। তবে গত কয়েকদিন ধরে ডিপো থেকে মূলত পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে, খুচরা বিক্রেতাদের কাছে তেমন তেল দেওয়া হচ্ছে না। ফলে অনেক দোকানেই বিক্রির মতো পেট্রোল, অকটেন ও ডিজেল নেই।
জুড়ী বাজারের এক ব্যবসায়ী জানান, “পাম্প থেকে বিক্রির জন্য তেল আনতে পারিনি। তাই গত দু’দিন ধরে দোকানে কোনো তেল বিক্রি করতে পারছি না। কৃষিতে সেচ দেওয়ার জন্য এবং মোটরবাইক চালকরা তেলের জন্য এসে ভিড় করছেন। অনেক সময় এ নিয়ে ক্রেতাদের সাথে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।”
ফলে হঠাৎ করে জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকরা।
আপনার মতামত লিখুন :