কমিটিকে না জানিয়ে সভা; ফুলতলায় দুই বিএনপি নেতা শোকজ


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ / ২৪৪
কমিটিকে না জানিয়ে সভা; ফুলতলায় দুই বিএনপি নেতা শোকজ

নিজস্ব প্রতিবেদক :

২৫ নভেম্বর বুধবার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে ৮ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক দাবি করছেন এই সভা তাঁদের অবহিত না করে একক সিদ্ধান্তে আহবান করেছেন ফুলতলা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ গফুর মারুফ ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রকিব উদ্দিন।

২৭ নভেম্বর বৃহস্পতিবার ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত দুটি প্যাডে ঐ দুজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ আজ প্রকাশ্যে এসেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম নিজের ফেসবুক আইডিতে  আজ ১ ডিসেম্বর (সোমবার) স্বাক্ষরিত ঐ প্যাড দুটি পোস্ট করেন। এরপর থেকেই উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এদিকে বিএনপি নেতা ইমতিয়াজ গফুর মারুফের সাথে যোগাযোগ হলে তিনি জানান, “শোকজ লেটারটি আমি পাই নি। ফেসবুকে দেখেছি। আমি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমাকে নোটিশ করার অধিকার ইউনিয়ন বিএনপির নাই। গঠনতন্ত্র অনুযায়ী জেলা করবে কেন্দ্রীয় অনুমোদনে।”

উল্লেখ্য, ২১ নভেম্বর (শুক্রবার) ফুলতলা বাজার মাছ হাটিতে বিএনপির এক পক্ষের আয়োজনে নির্বাচনী সভা হওয়ার কথা ছিল। আগে থেকে উক্ত সভার মাইকিংসহ অনুষ্ঠানের দিন প্যান্ডেল, মঞ্চ ও মাইক রেডি থাকলেও অনিবার্য কারণ বশত সেই সভা স্থগিত হয়।